কলেজ প্রতিষ্ঠাবার্ষিক তারিখ নিয়ে মতদ্বৈততা রয়েছে। কলেজ প্রতিষ্ঠাবার্ষিক তারিখ নিয়ে দুটি মত পাওয়া যায়। একটি হলো ২৪ সেপ্টেম্বর, ১৮৯৯ সাল এবং অন্যটি হলো ২৪ নভেম্বর, ১৮৯৯ সাল। জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় উদ্যোগে ১৮৮৬ সালে ‘রায় এন্ট্রান্স স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৮৮৮ সালে মহারানি ভিক্টোরিয়ার রাজত্বের ৫০বছরে সুবর্ণ জয়ন্তী (The Golden Jubilee) স্মারক চিহ্ন স্বরূপ এটিকে মহারানি ভারতের সম্রাজ্ঞীর নামে ‘ভিক্টোরিয়া স্কুল’-এ নামকরণ করা হয়েছিল (বর্তমান নাম ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল’)। বিদ্যালয়ের সাফল্য এবং প্রদেশের এই অঞ্চলে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার কারণে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে এফ.এ. স্ট্যান্ডার্ড পর্যন্ত আর্টস প্রোগ্রামের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিষ্ঠানটিকে অধিভুক্ত করার আবেদন করেন। ১৮৯৯ সালের ৬ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার ফ্রান্সিস ম্যাক্লিয়ান, Kt., K.C.I.E., Q.C., M.A., সভাপতিত্বে সিন্ডিকেটে সভায় ২০নং এজেন্ডা হিসেবে আবেদনটি উত্থাপিত হলে ভারত সরকারের স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারিকে, এফ.এ. স্ট্যান্ডার্ড পর্যন্ত কলা বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা ভিক্টোরিয়া হাই স্কুলের অধিভুক্তির অনুমোদনের জন্য মহামান্য গভর্নর-জেনারেল ইন কাউন্সিলের কাছে প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ জন্য ২২শে জুন, ১৮৯৯ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিঠি নং ১৩৮২ ভারত সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রেরিত হয়। পরে স্বরাষ্ট্র বিভাগের আন্ডার সেক্রেটারি চিঠির উত্তরে জানায় যে, গভর্নর-জেনারেল ইন কাউন্সিল কুমিল্লার ভিক্টোরিয়া হাই স্কুলকে এফ.এ. স্ট্যান্ডার্ড পর্যন্ত কলা বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি অনুমোদন করতে পেরে খুশি। ২৫ই নভেম্বর, ১৮৯৯, মাননীয় উপাচার্য স্যার ফ্রান্সিস ম্যাক্লিয়ান, কে.টি., কে.সি.আই.ই., কিউ.সি., এম, এ., সভাপতিত্বে সিন্ডিকেটে সভায় ২৯৪ নং এজেন্ডা হিসেবে চিঠিটি পঠিত হয় এবং চিঠিটি রেকর্ডের সিদ্ধান্ত নেয়া হয়। ১২ আগস্ট, ১৮৯৯, সিন্ডিকেটে সভায় কুমিল্লা ইউসুফ স্কুল, প্রবেশিকা পরীক্ষায় প্রার্থীদের পাঠানোর জন্য যোগ্য একটি উচ্চ বিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত হওয়া সম্পর্কিত এজেন্ডায় ভিক্টোরিয়া কলেজের স্বত্বাধিকারী ও সেক্রেটারি আবেদন পঠিত হয়। এতে সুস্পষ্ট হয় যে, আগস্ট মাসের আগেই ভিক্টোরিয়া একটি কলেজ হিসেবে গণ্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯০০ সালের ক্যালেন্ডারে উল্লেখ করা হয় যে, রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালের জুনে কলেজের ক্লাস চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ক্যালেন্ডারসমূহে এবং একাধিক রিপোর্টে জুনে কলেজের ক্লাস চালু করার উল্লেখ করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সম্পর্কিত গবেষণাধর্মী গ্রন্থেও লেখক অধ্যাপক তিতাশ চৌধুরী তাঁর গ্রন্থ ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ: এ যুগের কিংবদন্তি’-এ ত্রিশ ও চল্লিশ দশকের ভিক্টোরিয়া কলেজ ক্রনিক্যাল ও ম্যাগাজিনগুলির তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর, ১৮৯৯ সালকে কলেজের প্রতিষ্ঠা বার্ষিক দিবস হিসেবে উল্লেখ করেন। কলেজ প্রতিষ্ঠাবার্ষিক তারিখ সম্পর্কিত বিভ্রান্তি দূর করার জন্য ওল্ড ভিক্টোরিয়ান্স নামক প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন কলেজের প্রাক্তন ছাত্র আবদুল আউয়ালকে (আবু হেনা) কলেজ প্রতিষ্ঠা বার্ষিক তারিখের তথ্য অনুসন্ধানের দায়িত্ব প্রদান করে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ওল্ড ভিক্টোরিয়ান্সের কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি ২৪ নভেম্বর, ১৮৯৯ সালকে কলেজের প্রতিষ্ঠা বার্ষিক দিবস হিসেবে যুক্তি উপস্থাপন করেন। এক্ষেত্রে তিনি ১৯৪৬ ও ১৯৪৯ সালের কলেজ ছুটির তালিকায় কলেজের প্রতিষ্ঠাতা আনন্দচন্দ্র রায়-এর জন্মতারিখ ২৪ নভেম্বর তারিখকে ‘ফাউন্ডার্স ডে’ হিসাবে ছুটি ঘোষণা এবং ১৯৪৯ সালের অ্যাডভাইজারি কাউন্সিলের সভার কার্যবিবরণে কলেজের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী পালনের জন্য ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কর্মসূচি গ্রহণ করার কারণে কলেজ প্রতিষ্ঠাতা আনন্দচন্দ্র রায়-এর জন্মদিনেই কলেজের উদ্বোধন হয়েছিল বলে ধরে নেয়া হয়। অধ্যাপক তিতাশ চৌধুরী এ মতের বিরোধিতা করেন এবং তিনি তাঁর গ্রন্থে বলেন, “সবচেয়ে মজার ব্যাপার, কলেজের প্রতিষ্ঠা বার্ষিক নিয়ে এতো যে আলোচনা, গবেষণা, কালক্ষেপণ, কমিটি গঠন ও তোলপাড় অথচ কিনা কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি কর্তৃক প্রথম প্রকাশিত পত্রিকা ‘সরসী তীরে’-এর দ্বিতীয় পৃষ্ঠায়ই ওই তারিখ (অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর, ১৮৯৯) লিপিবদ্ধ রয়েছে। কী বিস্ময় !”
অতএব বলা যায় যে, ১৮৯৯ সালের ৬ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভায় অনুমোদিত হয়ে সরকারের নিকট প্রেরণ করা হয়। যা সরকারের সম্মতির চিঠি ২৫ নভেম্বরের ১৮৯৯ এর সিন্ডিকেটে সভায় উত্থাপিত হয়েছিল। সুতরাং বলা যায়, কলেজের প্রতিষ্ঠা ও অনুমোদন ২৪শে সেপ্টেম্বর, ১৮৯৯ বা এর আগেই হয়েছিল এবং ২৫ নভেম্বর প্রতিষ্ঠাতার জন্মদিনের সাথে কলেজ প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নাই।
তথ্যসূত্র
তিতাশ চৌধুরী (২০০১), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ: এ যুগের কিংবদন্তি, ভিনাস প্রকাশনী, কুমিল্লা।
সরসী তীরে (ওল্ড ভিক্টোরিয়ান্সের প্রকাশিত ম্যাগাজিন)
University of Calcatta, Minutes of the Syndicate for the Year 1899-1900.
University of Calcutta : The Calendar for the year 1900 (Calcutta: Printed At The Caxton Steam Printing Works. 1900.),P.309.
University of
Calcutta, Minutes of The Syndicate: For The Year 1901-02,
(Calcutta: Printed At The Caxton Steam Printing Works. 1902.),P.449.
(12 April 1902)
University of Calcatta, Minutes of the Syndicate for the Year 1899-1900.
University of Calcutta : The Calendar for the year 1900 (Calcutta: Printed At The Caxton Steam Printing Works. 1900.),P.309.
No comments:
Post a Comment